ঢাকাদক্ষিণ বাজারে কাকেশ্বর নদীর সরু সেতুতে তীব্র যানজট: | আই নিউজ বিডি

ঢাকাদক্ষিণ বাজারে কাকেশ্বর নদীর সরু সেতুতে তীব্র যানজট:

এম এ মালেক avatar   
এম এ মালেক
ঢাকাদক্ষিণ বাজারে কাকেশ্বর নদীর সরু সেতুতে তীব্র যানজট:
ঢাকাদক্ষিণ বাজারে কাকেশ্বর নদীর সরু সেতুতে তীব্র যানজট:
ছবি: সংগৃহীত
****

 

​গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসায়িক ও প্রশাসনিক কেন্দ্র ঢাকাদক্ষিণ বাজারের দামের চৌমুহনী সংলগ্ন কাকেশ্বর নদীর ওপরের অত্যন্ত সরু সেতুটি এখন সাধারণ মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ সড়কে ব্রিজটি সরু হওয়ায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এমনকি মুমূর্ষু রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে পড়ার মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে নিয়মিত।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকাদক্ষিণ বাজার ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থার প্রধান এই পয়েন্টে সরু ব্রিজটি থাকায় দুটো গাড়ি একসঙ্গে পার হতে পারে না। কোনো একটি বড় বাস, ট্রাক বা কাভার্ডভ্যান বাজারে প্রবেশ করলেই থমকে যায় পুরো এলাকার যানবাহন চলাচল। ফলে সাধারণ পথচারী থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে ভোগান্তির শিকার হচ্ছেন। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, সড়কটিতে প্রায়ই আশঙ্কাজনক রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে থাকে, যা জীবন-মরণের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

​এলাকাবাসীর চরম ক্ষোভ, বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় পর্যন্ত—প্রতিটি প্ল্যাটফর্মেই এই সেতু প্রশস্ত করার আশ্বাস শোনা গেছে। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় জনতা।

​ভুক্তভোগী ও বাজার ব্যবসায়ীরা অনতিবিলম্বে কাকেশ্বর নদীর ওপর এই সরু সেতু ভেঙে দুই লেনের চওড়া আধুনিক সেতু (পিসি গার্ডার ব্রিজ) নির্মাণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সিলেট জেলা প্রশাসক, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সড়ক ও জনপথ (সওজ)/এলজিইডি কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator