ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন 'পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর দুইটায়, বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আবু জাফরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া রহমান-সহ সংগঠনটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে, সমিতির ২০২৫–২৬ সেশনের নতুন কমিটিতে সভাপতি হিসেবে ওয়ায়েস কুরুনী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনিরুজ্জামান মিম-কে মনোনীত করা হয়েছে। সমিতির উপদেষ্টাবৃন্দ, সদ্য বিদায়ি সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা কল্যাণের সবার সম্মতিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিম বলেন, 'নতুন কমিটির মাধ্যমে সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও প্রাণবন্ত করার চেষ্টা থাকবে। শিক্ষার্থীদের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরিতে সর্বোচ্চ চেষ্টা করব। এক্ষেত্রে সংগঠনের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা আমাদের পথচলাকে আরও সুন্দর ও সফল করবে।
নবনির্বাচিত সভাপতি ওয়ায়েস কুরুনী বলেন, 'পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতি আমাদের জন্য পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও ঐক্যের একটি প্লাটফর্ম বলে মনে করি। নতুন কমিটির দায়িত্বকে সম্মান ও আমানত হিসেবে দেখছি। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে চাই। বিশেষ করে নবীন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া এবং পঞ্চগড়ের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করাই আমাদের অন্যতম লক্ষ্য।'
প্রধান অতিথি অধ্যাপক ড. জাকারিয়া রহমান বলেন, 'আজকের এই আয়োজন তোমাদের ভ্রাতৃত্বকে আরো দৃঢ় করবে। সৎ পথে চলবে এবং নৈতিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে। বর্তমানে শিক্ষার্থীরা বইবিমুখ হয়ে যাচ্ছে, তোমরা প্রচুর বই পড়বে, অযথা ইন্টারনেটে সময় নষ্ট করবে না। সবশেষে নিজের লক্ষ্য ঠিক করে সেই অনুযায়ী পড়াশোনা করে সামনে এগিয়ে যেতে হবে।'
পবিত্র ধর্মগ্রন্থ ও জাতীয় সংগীত পাঠের মাধ্যমে শুরু হওয়া মূল অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রবীণদের সম্মাননা স্মারক দিয়ে বিদায় জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এ আর খালিদ
ইবি প্রতিনিধি
মোবাইল: ০১৬৪৫৩৬৩৬৩১
তারিখ: ১১.০৯.২০২৬