ছাতকে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ফের নানা অনিয়মের অভিযোগ।
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকের ১৩৮ নম্বর মুক্তিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা আক্তারের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোসহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। গত ৭ সেপ্টেম্বর উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শরীফ হোসেন সুরুজ।
অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষিকা নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে শ্রেণিকক্ষ ঝাড়ু দেওয়া, বেঞ্চ ওঠানো-নামানো ও বাথরুম পরিষ্কারের কাজ করান। এমনকি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ঝাড়ু দেওয়ার একটি রুটিনও তৈরি করে দেওয়া হয়েছে। বেঞ্চ ওঠাতে গিয়ে ইতিমধ্যে এক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসাও নিয়েছে।
এ ছাড়া প্রধান শিক্ষিকার কার্যালয়ে বৈদ্যুতিক চুলা ব্যবহার, অসৌজন্যমূলক আচরণ ও সহকারী শিক্ষককে ডাস্টার ছুড়ে মারার মতো ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। ছুটির আগেই বিদ্যালয় ত্যাগ করা ও পরিচ্ছন্নতার সরকারি বরাদ্দের হিসাব না দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এর আগে ছাতক সদর ইউনিয়নের গদারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকাকালেও তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও নিয়মিত অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছিল। পরবর্তীতে তাঁকে বদলি করা হলেও তাঁর আচরণের পরিবর্তন হয়নি বলে দাবি অভিভাবকদের।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, অভিযোগটি পাওয়ার পর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিনও বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছেন।
App «Eye News BD»
Comentários 0