ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পীরগঞ্জের পূর্ণিমা কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে কুলসুমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, মোছা. নাহিদ পারভীন (রিপা)—যুগ্ম আহ্বায়ক ও ঠাকুরগাঁও জেলা বিএনপির নির্বাহী সদস্য, উপজেলা মহিলা দলের সদস্য সচিব মোছা. মাহফুজা বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল (রাজ) এবং সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মী ও সমর্থকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দিনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আয়োজকরা বলেন, নারীদের রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণ বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পরে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।