বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

Faridpur Desk avatar   
Faridpur Desk
বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু
বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু
ছবি: সংগৃহীত
ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে পড়ে রাহুল বিশ্বাস (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার স্টেডিয়াম (জর্জ একাডেমীর খেলার মাঠ) মাঠসংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। নিহত রাহুল বিশ্বাস পৌরসভার দক্ষিণ শিবপুর গ্রামের বাসিন্দা কামাল বিশ্বাসের মেঝো ছেলে। সে স্থানীয় একটি ভাঙারির দোকানে কাজ করত।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বের হয় রাহুল। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে স্টেডিয়াম মাঠসংলগ্ন পুকুরে তল্লাশি চালানো হয়। বিকেল ৪টার দিকে স্বজনরা পুকুরের পানিতে রাহুলের মরদেহ দেখতে পান। পরে তাকে পানি থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

রাহুলের বাবা কামাল বিশ্বাস বলেন, সকালে তিনি দোকানে ছিলেন। পরে দোকান বন্ধ করে বাড়িতে এসে বিশ্রাম নিচ্ছিলেন। ঘুম থেকে ওঠার পর ছেলেকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্টেডিয়ামের পাশের পুকুর থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়। তার ছেলে মৃগী রোগে আক্রান্ত ছিল বলেও জানান তিনি।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুকুর থেকে কিশোরটির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator