বোয়ালমারীতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বোয়ালমারীতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা..

Faridpur Desk avatar   
Faridpur Desk
বোয়ালমারীতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা..
বোয়ালমারীতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা..
ছবি: সংগৃহীত
ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 ‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বোয়ালমারী মাল্টিপারপাস অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর জেলা ও বোয়ালমারী উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করতে তাদের হাতে ক্রেস্ট, ফুল, বই ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী হয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বিকাশের মাধ্যমে কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, শিক্ষার্থীদের ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। এমনভাবে জীবন গড়তে হবে, যাতে দিনের আলোতে সবার সামনে নিজের প্রতিটি কাজ করতে কোনো সংকোচ না থাকে। পরীক্ষায় জিপিএ ৫ অর্জন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই জীবনের চূড়ান্ত অর্জন নয়। এই সাফল্যকে ভিত্তি করে উচ্চশিক্ষা, দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় এখন থেকেই শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থী পূর্ণাঙ্গভাবে সফল হয় না। জ্ঞান ও দক্ষতার পাশাপাশি নৈতিকতা, সততা এবং দায়িত্ববোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধাকে কাজে লাগানোর জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. ইউসুফ আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মুয়াজ বিল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি সালাউদ্দীন মোল্লা। এ সময় আয়োজক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

לא נמצאו הערות


News Card Generator