মাধবপুরের নিখোঁজ স্কুলছাত্র সিলেটে উদ্ধার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরের নিখোঁজ স্কুলছাত্র সিলেটে উদ্ধার

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরের নিখোঁজ স্কুলছাত্র সিলেটে উদ্ধার
মাধবপুরের নিখোঁজ স্কুলছাত্র সিলেটে উদ্ধার
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের প্রায় ১২ ঘণ্টা পর শুক্রবার সকালে সিলেটের শাহপরান এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া ছাত্র সৈয়দ সাদাফ উপজেলার নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিন থেকে চারজন ব্যক্তি সাদাফকে মাথায় আঘাত করে জোরপূর্বক একটি হাইচ গাড়িতে তুলে নেয়। এরপর তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। সাদাফের দাবি, গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের মধ্যে হিন্দি ভাষায় কথা বলছিল।
পরে রাতের শেষ দিকে সিলেটের জাফলং সড়কের শাহপরান এলাকায় তাকে গাড়ি থেকে ফেলে রেখে যায় বলে অভিযোগ। শুক্রবার সকালে স্থানীয় লোকজন ও এক সিএনজি অটোরিকশাচালকের সহযোগিতায় তার সন্ধান পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
সাদাফের বাবা সৈয়দ শাহীন দাবি করেন, পূর্বপরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ চক্র তার ছেলেকে অপহরণ করে থাকতে পারে। তাকে ভারতে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল কি না, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “অপহরণের বিষয়টি আমি অবগত নই। এ ঘটনায় থানায় কেউ কোনো সাধারণ ডায়েরিও (জিডি) করেনি। তবে অভিভাবকদের সন্তানদের বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।”

نظری یافت نشد


News Card Generator