মোঃ মনোয়ারুল ইসলাম (৪২) নামে এক আয়ুর্বেদিক ডাক্তারকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার রানীরবন্দর এলাকায় অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেন চিরিরবন্দর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ আফরোজ। দণ্ডপ্রাপ্ত মনোয়ারুল খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি অন্য ডাক্তারের প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দিতেন। সম্প্রতি তার চিকিৎসায় এক রোগী অসুস্থ হয়ে পড়লে অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তদন্তে তার কোনো বৈধ লাইসেন্স পাওয়া যায়নি।
জনস্বার্থ ও স্বাস্থ্য সুরক্ষায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট