বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের মুজিব সড়কস্থ জেলা কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী প্রভুর আখড়ায় এ প্রার্থনার আয়োজন করা হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে আয়োজকেরা জানান। তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় আয়োজিত প্রার্থনায় সনাতনী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রার্থনায় ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা, দীর্ঘায়ু ও শারীরিক সক্ষমতা ফিরে পাওয়ার জন্য বিশেষভাবে প্রার্থনা করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের মানসিক শক্তি ও সুস্থতার জন্যও প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস।
বক্তব্যে ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, ‘ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি সিরাজগঞ্জের মানুষের প্রিয় ও আস্থার একজন মানুষ। দেশের মানুষের কল্যাণ এবং সিরাজগঞ্জের উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি অসুস্থ থাকায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
তিনি আরও বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য প্রার্থনা করছি। সৃষ্টিকর্তার কাছে আমাদের একটাই কামনা—তিনি যেন ইকবাল হাসান মাহমুদ টুকুকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং তাঁকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন।’
এ সময় সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু, উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কল্যাণ সাহাসহ সনাতনী হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রার্থনা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত রোগমুক্তি কামনা করা হয়।
সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তিতে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তিতে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি