অতীতে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হলেও জনগণের ভালোবাসা ও আল্লাহর রহমতে দল সব চক্রান্ত মোকাবিলা করে টিকে রয়েছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা গেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলা চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির স্থানীয় শীর্ষনেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করেছে। দেশ ও জনগণের বিরুদ্ধে সব অপচেষ্টা নস্যাৎ করে দিয়ে বিএনপি ভবিষ্যতেও সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসাকে সম্বল করে সামনে এগিয়ে যাবে।