এক উপজেলায় বিএনপির পাল্টাপাল্টি দুই কমিটি ঘোষণা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

এক উপজেলায় বিএনপির পাল্টাপাল্টি দুই কমিটি ঘোষণা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
এক উপজেলায় বিএনপির পাল্টাপাল্টি দুই কমিটি ঘোষণা
এক উপজেলায় বিএনপির পাল্টাপাল্টি দুই কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে দলীয় গ্রুপিং ও অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে উপজেলা ও পৌর বিএনপির পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।..

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এসব কমিটি ঘোষণা করেন।

উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি

ঘোষিত ৩১ সদস্যের ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে মো. জাহাঙ্গীর আলমকে। এতে পাঁচজনকে যুগ্ম আহ্বায়ক এবং মো. সাহাবুদ্দিন সেন্টু সরদারকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে আরও ২৪ জনকে।

অন্যদিকে, ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে মো. ইসলাম হোসেন জুয়েলকে। সাতজনকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আনোয়ার হোসেন জনিকে সদস্যসচিব করা হয়েছে। এ কমিটিতে ২২ জনকে সদস্য রাখা হয়েছে।

এর আগে যে কমিটি ঘোষণা করা হয়েছিল

এর আগে গত ১৬ আগস্ট রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মাকসুদুর রহমান খন্দকার মাসুদ ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

ওই কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয় জিয়াউল ইসলাম সন্টু সরদারকে এবং সদস্যসচিব করা হয় শরিফুল ইসলাম তুহিনকে। পৌর বিএনপির আহ্বায়ক করা হয় মাহবুবুর রহমান পলাশকে এবং সদস্যসচিব করা হয় ইমরুল কায়েস সুমনকে।

এর পর থেকেই ওই কমিটি নিয়ে স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় বলে দাবি নতুন কমিটির নেতাদের।

‘চারজনকে নিয়ে কমিটি ঘোষণা’

নবঘোষিত পৌর বিএনপির আহ্বায়ক মো. ইসলাম হোসেন জুয়েল অভিযোগ করেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব মাত্র চারজনকে নিয়ে উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেছিলেন।

ওই কমিটি বাতিলের দাবিতে তারা সাংগঠনিকভাবে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করেন বলে জানান তিনি। এরপরও কমিটি বাতিল না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করেন জুয়েল।

নবগঠিত উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সাহাবুদ্দিন সেন্টু সরদার বলেন, রাতের বেলায় মাত্র চারজনকে নিয়ে কমিটি ঘোষণা করে দলের কেন্দ্রীয় নেতাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে।

‘আন্দোলনকারীদের বাদ দিয়ে কমিটি’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতন, হামলা-মামলা ও হয়রানির শিকার হয়েছেন এবং রাজপথে সক্রিয় ছিলেন, তাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে রাতের আঁধারে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। দীর্ঘ সময় পর গোপনে মাত্র চারজনকে নিয়ে দুটি কমিটি ঘোষণা করা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। তৃণমূল নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতেই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

জাকারিয়া পিন্টু জানান, আগামী এক মাসের মধ্যে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। এরপর আনুষ্ঠানিক কাউন্সিলের মাধ্যমে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির শক্তিশালী কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।

‘তাদের কমিটি ঘোষণার অধিকার নেই’

তবে পাল্টা কমিটি ঘোষণাকে অবৈধ দাবি করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

তিনি বলেন, একাধিকবার দল থেকে বহিষ্কৃত এবং বর্তমানে বহিষ্কৃত ব্যক্তিদের কোনো কমিটিকে অবৈধ ঘোষণা করার এখতিয়ার নেই। তাদের নিজেদের কমিটি গঠন বা ঘোষণা করারও সাংগঠনিক অধিকার নেই।

হাবিবুর রহমান হাবিব দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও পছন্দ অনুযায়ী যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে তার ঘোষিত কমিটি অনুমোদিত হয়েছে।

ফলে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্ব নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এসেছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator