ফরিদপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী রাকিব বেপারীর যাবজ্জীবন | আই নিউজ বিডি

ফরিদপুর

ফরিদপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী রাকিব বেপারীর যাবজ্জীবন

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হ্যাপি বেগমকে (১৮) নির্যাতন ও হত্যার দায়ে স্বামী রাকিব বেপারীকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।..
Eidok-এ শেয়ার
ফরিদপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী রাকিব বেপারীর যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

 একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রাকিব বেপারী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৪ আগস্ট রাতে ফরিদপুর সদর উপজেলার দুর্গাপুর এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রী হ্যাপি বেগমকে মারধর করেন রাকিব ও তার স্বজনরা। রাকিবের বিরুদ্ধে হ্যাপির পরিবারের কাছে পাঁচ লাখ টাকা ও একটি মোটরসাইকেল যৌতুক দাবি করার অভিযোগ ছিল। যৌতুক দিতে না পারায় হ্যাপিকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।
ওই রাতে হ্যাপিকে মারধরের খবর পেয়ে তার পরিবারের সদস্যরা শ্বশুরবাড়িতে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরদিন ৫ আগস্ট সকালে হ্যাপির মৃত্যুর খবর পান তার বাবা হুমায়ুন শেখ। শ্বশুরবাড়িতে গিয়ে তিনি বারান্দায় মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।
মামলার নথি অনুযায়ী, মৃত্যুর সময় হ্যাপি বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার গলায় ওড়না পেঁচানোর চিহ্নসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়ার কথা উল্লেখ রয়েছে।
এ ঘটনায় ওইদিনই নিহতের বাবা হুমায়ুন শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৮ জুলাই রাকিব বেপারীসহ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হুমায়ূন শেখ।
নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী খান ভূঁইয়া বলেন, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আদালতের রায়ে তারা সন্তুষ্ট।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés