বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত..
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত

‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে অনুষ্ঠিত হয়েছে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড’। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও কলেজ পর্যায়ের মোট ২২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার জেলা প্রশাসনের আয়োজনে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

অলিম্পিয়াডে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির ১৮৯ জন এবং কলেজ পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৩৭ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান, মেধা ও সৃজনশীল চিন্তাশক্তি যাচাইয়ের লক্ষ্যে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান এবং সহকারী কমিশনার সালাহউদ্দিন বিশ্বাস। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঞা মনি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।

আয়োজক সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজন এবং একাদশ দ্বাদশ শ্রেণি পর্যায়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজন শিক্ষার্থী জেলা পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে। পরীক্ষা শেষে জাতীয় সংসদ সদস্যের সহযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা গড়ে তুলতে এ ধরনের অলিম্পিয়াড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও জ্ঞানকে কাজে লাগানোর সুযোগ পাবে। ভবিষ্যতে যারা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে, তাদের বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator