মাধবপুরে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
মাধবপুরে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ছবি: সংগৃহীত

****



মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে মাছের খাবারের বস্তার মোড়কে লুকিয়ে ভারতীয় চা-পাতা, মেহেদী ও জিরা পরিবহনের সময় একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আরও একটি পিকআপসহ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়। পৃথক দুই অভিযানে জব্দ করা পণ্য ও যানবাহনের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি জানায়, বুধবার (২৬ আগস্ট) ভোরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সিন্দুরখান বিওপির একটি টহল দল শ্রীমঙ্গল উপজেলার গান্ধীছড়া চা-বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় এনিমেল মেডিসিন, খাবার, শ্যাম্পুসহ একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা।
অন্যদিকে, ভারতীয় অবৈধ পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান মাধবপুর হয়ে যেতে পারে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার সুরমা ২০ নম্বর চা-বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়।
বিকেল আনুমানিক ৪টার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক বা চোরাকারবারিরা কাভার্ড ভ্যানটি সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত কাভার্ড ভ্যানটি তল্লাশি করে মাছের খাবারের বস্তার মোড়কে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা, কাবেরী মেহেদী ও জিরা উদ্ধার করেন। পণ্য ও কাভার্ড ভ্যানসহ এ চালানের আনুমানিক মূল্য ৯১ লাখ ৭০ হাজার টাকা।

৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত পণ্যগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator