বায়েজীদ ইসলাম জয়
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৬৯টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ও প্রত্যক্ষ অংশগ্রহণে উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সিংড়া পৌরসভার নিংগইন এলাকার চলনবিলে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মৎস্য বিভাগের সহযোগিতায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালগুলো জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, চলনবিলে নতুন পানি আসার পর থেকে কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ জাল ব্যবহার করে মা মাছ ও পোনা মাছ নিধন শুরু করেছে। নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, চলনবিলের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
تعليقات 0