সিলেট প্রতিনিধি:
সিলেটে নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে দিনব্যাপী ‘Comprehensive Thyroid Diseases Workshop: From Diagnosis to Management’ শীর্ষক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে সিলেট অঞ্চলের নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ‘সিলেট ইএনটি সোসাইটি’ নামে নতুন একটি পেশাজীবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
বুধবার নগরীর গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৈজ্ঞানিক কর্মশালার আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহ কামাল এবং সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ নাফি মাহদীর উপস্থিতিতে সহকারী রেজিস্ট্রার ডা. মাসুম বিল্লাহর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আয়োজনের সূচনা হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. মো. আব্দুল হাফিজ শাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ডা. মুখলেছুর রহমান। পরে সিলেট বিভাগের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আগত নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকরা থাইরয়েড রোগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।
বৈজ্ঞানিক সেশন শেষে অনুষ্ঠিত হয় উদ্বোধনী ও আলোচনা পর্ব। এতে সভাপতিত্ব করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ শাহ কামাল। বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ নাফি মাহদী।
এ সময় আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. হারুনুর রশীদ, অধ্যাপক ডা. কাজী আখতার উদ্দীন, অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হোসেন, অধ্যাপক ডা. মাশুকুর রহমান চৌধুরী এবং অধ্যাপক ডা. ইমাদ হোসেন চৌধুরী।
বক্তারা সিলেট অঞ্চলে নাক-কান-গলা চিকিৎসাবিজ্ঞানের উন্নয়ন, চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং নিয়মিত বৈজ্ঞানিক কার্যক্রম আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সিনিয়র চিকিৎসকদের বক্তব্য ও দিকনির্দেশনার পর উপস্থিত চিকিৎসকদের সর্বসম্মত সমর্থনে ‘সিলেট ইএনটি সোসাইটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সবার সম্মতিক্রমে নবগঠিত সংগঠনের সভাপতি হিসেবে অধ্যাপক ডা. মো. মাশুকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহ কামাল, কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. মোফাক্কারুল ইসলাম, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ নাফি মাহদী এবং সাংগঠনিক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. আজহারুল ইসলাম রানাকে মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ডা. ইমাদ হোসেন চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. মুখলেছুর রহমান শামীম, ডা. মো. আখতার-উজ-জামান আকন্দ এবং সহযোগী অধ্যাপক ডা. জিয়া উদ্দিন আব্বাসী।
সোসাইটির উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক ডা. হারুনুর রশীদ, অধ্যাপক ডা. কাজী আখতার উদ্দীন, অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হোসেন, ডা. মো. এনামুল হক, সহযোগী অধ্যাপক ডা. ঋতুরাজ দেব এবং সহযোগী অধ্যাপক ডা. এম. এ. কাইয়ূম আনছারী।
নবগঠিত সংগঠনটি সিলেট অঞ্চলের নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সহযোগিতা বৃদ্ধি, নিয়মিত বৈজ্ঞানিক সভা-সেমিনার আয়োজন এবং চিকিৎসাবিজ্ঞানের সর্বশেষ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
দিনব্যাপী কর্মশালায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, হবিগঞ্জ মেডিকেল কলেজ, সুনামগঞ্জ মেডিকেল কলেজ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, পার্কভিউ মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
কর্মশালার বিভিন্ন সেশনে থাইরয়েড রোগ নির্ণয়, চিকিৎসা, সার্জারি, অপারেশন-পরবর্তী জটিলতা ও আধুনিক ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং মতবিনিময় হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি একটি প্রাণবন্ত ও ফলপ্রসূ বৈজ্ঞানিক মিলনমেলায় পরিণত হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ
Komentar 0