সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র সাম্প্রতিক একটি বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা। তাদের দাবি, উক্ত বক্তব্যে জুলাই শহীদদের পরিচয় ও অবদান নিয়ে অসত্য এবং রাজনীতিপ্রসূত তথ্য উপস্থাপন করা হয়েছে।
সম্প্রতি এক যৌথ বিবৃতিতে রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলী মর্তুজা ও সেক্রেটারি এস এম মুনসুর আলী এই প্রতিবাদ জানান। গত ২৪ আগস্ট রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড চত্বরে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের উপর হামলার প্রতিবাদে আয়োজিত বিএনপি’র এক প্রতিবাদ সভায় সাইদুর রহমান বাচ্চু ওই মন্তব্য করেন।
যৌথ বিবৃতিতে জামায়াত নেতারা অভিযোগ করেন, উক্ত সভায় বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু দাবি করেছিলেন— উল্লাপাড়া আসনে বিএনপির জয়লাভ হলেও তা ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং সিরাজগঞ্জের ১৩ জন জুলাই শহীদদের মধ্যে ১২ জনই বিএনপির কর্মী। জামায়াত নেতৃবৃন্দের মতে, এই মন্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; এতে দেশের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিলেন এবং আত্মত্যাগ করেছেন। শহীদদের মহান আত্মত্যাগকে দলীয় সংকীর্ণতায় বন্দি করা তাঁদের স্মৃতির প্রতি অবমাননাকর।
নেতারা আরও বলেন, গঠনমূলক ও তথ্যভিত্তিক রাজনীতির চর্চা পরিহার করে ভিত্তিহীন মন্তব্য করা একজন প্রবীণ রাজনৈতিক নেতার জন্য শোভনীয় নয়।
ভবিষ্যতে জামায়াতে ইসলামী, জুলাই অভ্যুত্থানের শহীদ এবং দেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই-বাছাই করার জন্য বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর প্রতি আহ্বান জানান রায়গঞ্জ উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।