ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষক ও জনসম্পৃক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা রজব আলীর জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাত ১০টায় রাণীশংকৈল হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
জানাজার আগে মরহুমের কর্মময় জীবন ও সামাজিক অবদানের কথা স্মরণ করে বক্তব্য দেন পরিবারের সদস্য, রাজনৈতিক নেতা এবং জামায়াতে ইসলামীর স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা।
বক্তব্যে মরহুমের বড় ভাই মো. রফিকুল ইসলাম ও বড় ছেলে জাহিদ হাসান আবেগঘন স্মৃতিচারণ করেন। এ সময় বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদ বিন নূর আলিফ, বিএনপি নেতা বকুল মজুমদার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মদ হোসেন বিপ্লবসহ স্থানীয় রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।
জামায়াতের পক্ষ থেকে বক্তব্য দেন রংপুর-দিনাজপুর অঞ্চল টিমের সদস্য ও মরহুমের শিক্ষক মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জননেতা মিজানুর রহমান মাস্টার এবং রাণীশংকৈল উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ রফিকুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।
এছাড়া ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন, জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর, পীরগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা জানাজায় উপস্থিত ছিলেন।
মাওলানা রজব আলী ১৯৭২ সালে রাণীশংকৈল উপজেলার শিবদিঘী সংলগ্ন ক্ষুদ্র বাঁশবাড়ি এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ১৯৮৯-৯০ সালে রাণীশংকৈল উপজেলা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হয়ে ২০০৬ সালে দলের সদস্যপদ গ্রহণ করেন এবং ২০০৭ সালে রাণীশংকৈল উপজেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের শুরা সদস্য ও রাণীশংকৈল উপজেলা নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি রাণীশংকৈল আবাদ-তাকিয়া কামিল মাদরাসা থেকে ১৯৮৬ সালে দাখিল, ১৯৮৮ সালে আলিম, ১৯৯০ সালে ফাজিল এবং ১৯৯৫ সালে কামিল ডিগ্রি অর্জন করেন।
স্থানীয়দের ভাষ্য, সামাজিক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ, সালিশ-বিচার এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে এলাকায় তাঁর ব্যাপক পরিচিতি ছিল। বক্তব্য উপস্থাপনেও তিনি ছিলেন দক্ষ ও সাবলীল।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাওলানা রজব আলী ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী জোছনা বেগম, দুই মেয়ে ফারহানা আকতার ও সুমাইয়া আকতার এবং দুই ছেলে জাহিদ হাসান ও জামিল হাসানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা শেষে মরহুমের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাণীশংকৈল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।
'আই নিউজ বিডি' অ্যাপ
تبصرے 0