কুলিয়ারচরে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের বৃক্ষরোপণ কর্মসূচি: টেকসই… | আই নিউজ বিডি

কুলিয়ারচরে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের বৃক্ষরোপণ কর্মসূচি: টেকসই পরিবেশ গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণ..

Ali Sohel avatar   
Ali Sohel
কুলিয়ারচরে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের বৃক্ষরোপণ কর্মসূচি: টেকসই পরিবেশ গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণ..
কুলিয়ারচরে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের বৃক্ষরোপণ কর্মসূচি: টেকসই পরিবেশ গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণ..
ছবি: সংগৃহীত
****

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষীপুর দ্বিমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ শনিবার সকালে পরিবেশ সুরক্ষার লক্ষ্য নিয়ে আয়োজিত হয়েছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। 

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ক্লিয়ার স্ট্রিংকস-এর উদ্যোগে এবং ক্লেমন গ্রিনওয়েভ কর্মসূচীর আওতায় এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। 

মূলত জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির উদ্দেশ্যে সারা দেশে ১ লাখ বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তারই ধারাবাহিকতায় এই বিদ্যালয়ে কার্যক্রমটি সম্পন্ন হলো। 

স্থানীয় শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং বিদ্যালয়ের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করে। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে ১০০টি বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। একই সাথে বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি চারা রোপণ করা হয়।

এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন খোকনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের সরাসরি সম্পৃক্ততাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, নিজের হাতে রোপণ করা গাছ বড় হতে দেখা তাদের পরিবেশ রক্ষায় দায়িত্ববোধকে আরও বাড়িয়ে তুলবে। 

বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মশিউর রহমান জানান, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে প্রকৃতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করে। তিনি আরও উল্লেখ করেন যে, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এই সচেতনতা ছড়িয়ে দিলে তা দীর্ঘমেয়াদে স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে। 

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই তারা এই গ্রিনওয়েভ কর্মসূচি বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টরা বলছেন, কেবল চারা বিতরণেই তারা সীমাবদ্ধ থাকছেন না, বরং প্রতিটি গাছের সঠিক বৃদ্ধি নিশ্চিত করার বিষয়টিও কর্মসূচির মূল লক্ষ্য। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও পরিবেশ রক্ষায় এ ধরনের করপোরেট উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। 

No se encontraron comentarios


News Card Generator