মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবগঠিত কমিটিতে লামা উপজেলার কোনো প্রতিনিধি না থাকায় উন্নয়ন বঞ্চনার আশঙ্কা প্রকাশ করে মানবন্ধন ও বিক্ষোভ করেছে লামাবাসী।
শনিবার (২২ আগস্ট) দুপুরে লামা উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে লামা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় মানববন্ধনে মিলিত হয়।
বক্তারা বলেন, জেলা পরিষদ জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। লামা জনবহুল ও অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় উপজেলা হওয়া সত্ত্বেও এখান থেকে কাউকে সদস্য না করায় স্থানীয় সমস্যাগুলো জেলা পরিষদে তুলে ধরার সুযোগ থাকছে না।
কর্মসূচিতে বক্তব্য রাখেন এম রুহুল আমিন, রফিকুল ইসলাম, ইমদাদুল হক মিলন, আব্দুল করিম, নজরুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকা ও বিভিন্ন জনগোষ্ঠীর বসবাসের কারণে লামার সমস্যা ভিন্ন। জেলা পরিষদে প্রতিনিধিত্ব না থাকলে লামার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবে।
সাধারণ মানুষের দাবি, এটি লামাবাসীর ন্যায্য অধিকারের প্রশ্ন। কর্তৃপক্ষ দ্রুত একজন সদস্য অন্তর্ভুক্ত করবেন বলে তারা প্রত্যাশা করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।