রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর..

Nahid Hasan avatar   
Nahid Hasan
রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর..
রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর..
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সিলেটের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নিজ পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

দাফনের আগে কফিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় এ গার্ড অব অনার প্রদান করা হয়।

জানাজা ও দাফনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

জানাজা শেষে প্রিয় এই জনপ্রতিনিধিকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়ে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান এলাকাবাসী।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পর তিনি দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে ধর্মঘর ইউনিয়নের মানুষের পাশে ছিলেন। তিনি মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।

স্থানীয়রা জানান, জনসেবায় তাঁর দীর্ঘদিনের ভূমিকা এবং সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক তাঁকে স্মরণীয় করে রাখবে। তাঁর মৃত্যুতে ধর্মঘর ইউনিয়নসহ পুরো মাধবপুরে শোকের ছায়া নেমে এসেছে।

রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের মধ্য দিয়ে শেষ হলো বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূরের কর্মময় জীবনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি। তবে মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ও জনসেবার স্মৃতি স্থানীয় মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে।

没有找到评论


News Card Generator