সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ (২০ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে রিমান্ড শুনানি শেষে রায়গঞ্জ আমলি আদালতের বিচারক ওমর ফারুক এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি রায়গঞ্জ উপজেলায় একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্মাণের প্রকল্প অনুমোদন হয়। প্রতিষ্ঠানটির স্থান নির্ধারণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মতভেদ দেখা দেয়। স্থান নির্ধারণ বিষয়ে আলোচনার জন্য গত শনিবার (১৫ আগস্ট) বিকেলে ধানগড়া বাজারে রায়গঞ্জ পৌর বিএনপি এক সভার আয়োজন করে।
পৌর বিএনপির সভাপতি হাতেম আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক। সভায় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জামায়াত-শিবির ও সাবেক সমন্বয়করা অংশ নেন। সভা চলাকালে স্থান নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ও বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সংসদ সদস্য একটি প্রস্তাবিত কমিটি গঠনের কথা বলে স্থান ত্যাগ করার সময় একদল দুর্বৃত্ত আচমকা তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
এ ঘটনায় গত ১৫ আগস্ট (শনিবার) রাতে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে গত ১৭ আগস্ট রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীর ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সাঈদ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের জিআরও সাকাউল ইসলাম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।