ফরিদপুর

ফরিদপুরে ৭ দফা দাবিতে দলিল লেখকদের স্মারকলিপি

বাংলাদেশ দলিল লেখক সমিতির সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন দলিল লেখকরা।..
Share on Eidok
ফরিদপুরে ৭ দফা দাবিতে দলিল লেখকদের স্মারকলিপি
Photo: collected

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি খন্দকার সাইফুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ কে এম মুস্তাফিজুর রহমান ও নগরকান্দা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুফি আলম মিন্টু।

বক্তারা বলেন, প্রায় দুই শতাধিক বছর ধরে দলিল লেখকরা জনগণের সম্পত্তি নিবন্ধনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের মাধ্যমে প্রতিবছর সরকারের প্রায় আট হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়। দীর্ঘদিনের সাত দফা দাবি বাস্তবায়নে সরকারের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

দলিল লেখকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, প্রতিটি দলিলের জন্য ন্যূনতম পাঁচ হাজার টাকা সম্মানি নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিলের মুসাবিদা ও রেজিস্ট্রেশনের জন্য দাখিলের সুযোগ না দেওয়া এবং সংশ্লিষ্ট কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া।

এছাড়া থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের জায়গা নির্মাণ, পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখার কারণে পেশাগত দায়িত্ব পালনরত দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবিও জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলিল লেখকদের সমাবেশে সাত দফা দাবি উত্থাপন করা হয়। পরে দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে সভা-সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে ২০২৫ সালের ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে বিভাগীয় সম্মেলনও অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ কুমার মালো, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সহ-সভাপতি সুভাষ কুমার মালো, উপদেষ্টা বিজয় কৃষ্ণ দাসসহ জেলার নয়টি থানার প্রতিনিধিরা।

স্মারকলিপি প্রদান শেষে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার তাদের ন্যায্য সাত দফা দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found