শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৭ আগস্ট '২৬) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সজেকা খুলনার আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকার উপর জোর দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তসহ দুর্নীতি দমন কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ অলিউর রহমান ও মোঃ নাজমুল হোসেন।
প্রতিযোগিতার ফাইনালে বিতর্কের বিষয় ছিল 'ছাত্র সমাজের সক্রিয় ভূমিকায় পারে নতুন প্রজন্মকে দুর্নীতিমুক্ত করতে'। ফাইনালে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুলের মধ্যে প্রতিযোগিতা হয়। চ্যাম্পিয়ন হয় আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুল। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার অর্জন করেন আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ফাতিমা জামান।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ এবং অন্যান্য অতিথিবৃন্দ। সময় নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন মোঃ নাজমুল হাসান এবং মডারেটরের দায়িত্ব পালন করেন মোঃ সাকিবুর রহমান।
অনুষ্ঠানে ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সততা এবং নৈতিকতার চর্চা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।