মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে আলীকদমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট ২০২৬ খ্রি.) সময় আনুমানিক বিকেল ৩টা ৩০ মিনিট হতে ৪টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলাধীন ১নং সদর ইউনিয়নের পানবাজারস্থ মহিউচ্ছুন্নাহ দারুল কোরআন হাফেজিয়া এতিমখানা ও নুরানী মাদ্রাসা হলরুমে আলীকদম উপজেলা বিএনপি জাবেদ রেজা গ্রুপের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাসুক আহমেদ, সাবেক আহবায়ক, আলীকদম উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুলফিকার আলী ভুট্টো, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, আলীকদম উপজেলা বিএনপি।
আরো উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম, সাবেক সভাপতি, আলীকদম সদর ইউনিয়ন বিএনপি, জনাব মারুফ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক, আলীকদম উপজেলা যুবদল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নানাস্তরের নেতাকর্মী এবং মাদ্রাসা ছাত্রসহ ১২০-১৫০ জন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহিউচ্ছুন্নাহ দারুল কোরআন হাফেজিয়া এতিমখানা ও নুরানী মাদ্রাসার পরিচালক মুফতি মাওলানা কলিম উল্লাহ। উক্ত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে দেশ ও জনগণের শান্তি ও উন্নতি কামনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দোয়া ও মিলাদ মাহফিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।