১৫ আগস্ট ঘিরে রায়গঞ্জে পুলিশের কড়া নিরাপত্তা, মাঠে গোয়েন্দারা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

১৫ আগস্ট ঘিরে রায়গঞ্জে পুলিশের কড়া নিরাপত্তা, মাঠে গোয়েন্দারা..

Rakibul Islam avatar   
Rakibul Islam
১৫ আগস্ট ঘিরে রায়গঞ্জে পুলিশের কড়া নিরাপত্তা, মাঠে গোয়েন্দারা..
১৫ আগস্ট ঘিরে রায়গঞ্জে পুলিশের কড়া নিরাপত্তা, মাঠে গোয়েন্দারা..
ছবি: সংগৃহীত
১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে থানা-পুলিশ।..

১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে থানা-পুলিশ। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়নোর পাশাপাশি সাদা পোশাকে বিশেষ টিম মাঠে নামানো হয়েছে।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্টকে সামনে রেখে রায়গঞ্জের গুরুত্বপূর্ণ প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। চলাচলকারী সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। একই সঙ্গে জননিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষ ভূমিকা রাখছে রায়গঞ্জ থানা-পুলিশের সাদা পোশাকের বিশেষ ইউনিট। সদস্যরা ছদ্মবেশে সাধারণ মানুষের মাঝে অবস্থান নিয়ে সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ও জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলা করতে প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স টিম।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত থাকা বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সম্ভাব্য তৎপরতার ওপর কড়া নজর রাখা হচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ চালাচ্ছেন গোয়েন্দারা।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান এ বিষয়ে নিশ্চিত করে জানান, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে রায়গঞ্জ থানা-পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মহড়া ও টহল টিমের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “জনস্বার্থে পুলিশ দিন-রাত মাঠে থেকে দায়িত্ব পালন করছে। এলাকার নিরাপত্তা রক্ষায় যেকোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অস্বাভাবিক গতিবিধি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য উপজেলাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

জননিরাপত্তা নিশ্চিত করতে ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ নিরাপত্তা পরিকল্পনা ও মাঠপর্যায়ের তৎপরতা অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Aucun commentaire trouvé


News Card Generator