মন্ত্রিসভায় সীমিত পরিসরে সম্প্রসারণের আলোচনা চলছে। এরই মধ্যে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নাম আলোচনায় এসেছে।
সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম পর্যালোচনার পর একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের কাজের চাপ কমাতে নতুন কয়েকজনকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সম্ভাব্য চারজনের মধ্যে কৃষি প্রতিমন্ত্রী হিসেবে শহিদুল ইসলাম বাবুলের নাম রয়েছে বলে জানা গেছে।
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার মানুষের কাছে বাবুল একজন পরিচিত রাজনৈতিক নেতা। জাতীয়তাবাদী রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকার পাশাপাশি তিনি বর্তমানে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কৃষক সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে থাকায় কৃষি ও কৃষকের বিভিন্ন সমস্যা নিয়ে মাঠপর্যায়ের অভিজ্ঞতাও তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম দিক।
রাজনৈতিক অঙ্গনে বাবুলকে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় একজন নেতা হিসেবে দেখা হয়। বিশেষ করে কৃষকদের অধিকার, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য, কৃষি উপকরণের দাম এবং কৃষকের আর্থিক সংকটের মতো বিষয়গুলো নিয়ে তিনি বিভিন্ন সময়ে কথা বলেছেন। কৃষক দলের নেতৃত্বে থাকার কারণে কৃষিভিত্তিক রাজনীতিতে তাঁর সম্পৃক্ততাও রয়েছে দীর্ঘদিনের।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্থানীয় উন্নয়ন ও জনগণের বিভিন্ন দাবিদাওয়া নিয়েও তিনি সক্রিয় রয়েছেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। তাঁর মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির আলোচনা সামনে আসায় ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, বাবুল কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে ফরিদপুরসহ দেশের কৃষকদের সমস্যা নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরার সুযোগ পাবেন। বিশেষ করে পদ্মা-তীরবর্তী ফরিদপুরের চরাঞ্চলের কৃষি, নদীভাঙন, সেচব্যবস্থা এবং কৃষিপণ্যের বাজারজাতকরণে তিনি ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন তারা। তবে শহিদুল ইসলাম বাবুলকে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার বিষয়ে এখনো কোনো সরকারি প্রজ্ঞাপন বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি আপাতত সরকারের উচ্চপর্যায়ের আলোচনার মধ্যেই রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর অনুমোদনের পরই জানা যাবে।
কৃষি প্রতিমন্ত্রী হওয়ার আলোচনায় ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল
אפליקציית "Eye News BD"
הערות 0