আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সদরপুর এতিমখানা ও মাদরাসা জামে মসজিদে জানাজা শেষে উপজেলার ঢেউখালী ইউনিয়নের দশহাজার কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ লুৎফর রহমান। রাইসা উপজেলার নয়রশি গ্রামের বাসিন্দা বাবু আহমেদের কন্যা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাইসা স্থানীয় বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। হঠাৎ তার শরীরে একটি দুরারোগ্য ব্যাধি বাসা বাঁধে। তার চিকিৎসায় উপজেলা প্রশাসন ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা এগিয়ে আসেন এবং বিপুল অর্থ ব্যয়ে তার একটি অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের নির্মম পরিহাস, চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (১২ আগস্ট) না ফেরার দেশে পাড়ি জমায় এই মেধাবী কিশোরী
রাইসার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মেয়েকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার পিতা ও মাতা; তাদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্বজন ও প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না। প্রিয় সহপাঠীকে হারিয়ে শোকস্তব্ধ তার শিক্ষক ও সহপাঠীরাও। রাইসার এই অকাল প্রয়াণ মেনে নিতে পারছে না কেউ।