সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ ও জামালপুরের মাদারগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি চোরাই গাভী উদ্ধারসহ আন্তঃজেলা গরু চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে।
কাজিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) ভোররাত্রে উপজেলার ১২ নং মনসুর নগর ইউনিয়নের ছিন্না গ্রামের কৃষক জিন্নাহ মন্ডলের (৪৪) গোয়ালঘর থেকে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের গাভী চুরি হয়। ঘটনাটি তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী কৃষক কাজিপুর থানা পুলিশকে জানান।
সংবাদের ভিত্তিতে কাজিপুর থানা পুলিশ দ্রুততম সময়ে সিরাজগঞ্জ ও সীমান্তবর্তী জামালপুর জেলার নিকটস্থ থানাগুলোতে সতর্কবার্তা পাঠায়। পরে স্থানীয় জনগণের সহায়তায় কাজিপুর ও মাদারগঞ্জ থানা পুলিশের যৌথ একটি টিম অভিযান চালিয়ে জামালপুরের মাদারগঞ্জ থানাধীন ‘কুকুরমারি’ এলাকা থেকে চোরাই গাভীটি উদ্ধার করে।
অভিযানে ঘটনাস্থল থেকেই চুরির সাথে জড়িত মো: ফারুক মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক জামালপুর জেলার মাদারগঞ্জ থানার খামার মাগুরা গ্রামের মৃত বাহাদুরের ছেলে।
কাজিপুর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত গরু আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হচ্ছে।