ফরিদপুর

ফরিদপুর পৌরসভার গাড়ী চালককে মারধরের প্রতিবাদে, দুই বাজারের ময়লা অপসারণ বন্ধ

ফরিদপুর শহরের চকবাজার ও তিতুমীর বাজার এলাকার ময়লা অপসারণ বন্ধ করে দিয়েছেন পৌরসভার ময়লাবাহী ট্রাকের চালক ও শ্রমিকরা।..
I-share sa Eidok
ফরিদপুর পৌরসভার গাড়ী চালককে মারধরের প্রতিবাদে, দুই বাজারের ময়লা অপসারণ বন্ধ
Larawan: kuha mula sa arkibo


 পৌরসভার উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া ট্রাকচালক সবুজ প্রামাণিককে মারধরের প্রতিবাদে মঙ্গলবার রাত থেকে তারা এ সিদ্ধান্ত নেন। হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ময়লা পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
ফলে বুধবার (১২ আগস্ট) সকাল থেকে চকবাজার ও তিতুমীর বাজারসংলগ্ন ফলপট্টি, থানার মোড়, ডাচ্-বাংলা ব্যাংকের সামনের মোড়, ময়ড়া পট্টি ও আলীমুজ্জামান সেতু এলাকায় ময়লার স্তূপ জমতে শুরু করেছে। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি জনদুর্ভোগ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে চকবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালানোর সময় ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় ময়লাবাহী ট্রাকের চালক সবুজ প্রামাণিক (২৮) মারধরের শিকার হন। পরে তিনি ফরিদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ফরিদপুর পৌরসভার কনজারভেন্সি বিভাগের পরিদর্শক বিকাশ দত্ত বলেন, চালককে মারধরের পর চালক ও শ্রমিকরা ময়লা পরিবহন বন্ধের সিদ্ধান্ত নেন। পৌর কর্তৃপক্ষ তাদের ময়লা অপসারণের অনুরোধ করলেও তারা সিদ্ধান্তে অনড় রয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মামলার পর এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। এজাহারভুক্ত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে ময়লা অপসারণ বন্ধ রাখার সিদ্ধান্তকে জনসেবা ব্যাহত করার শামিল বলে মন্তব্য করেছেন চকবাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম কিবরিয়া স্বপন। তিনি বলেন, ঘটনায় মামলা হয়েছে, পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। কিন্তু এর কারণে পৌরসভার সেবা বন্ধ থাকা কাম্য নয়।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ময়লা অপসারণ শুরু না হলে দুই বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় ময়লার পরিমাণ আরও বাড়বে এবং পরিবেশ ও জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়তে পারে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento