সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফিরে পাওয়ার উদ্দেশ্যে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিপন মিয়াকে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া মোতালেব প্রামাণিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মোতালেব প্রামাণিক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নবীপুর গ্রামের মৃত ময়দান প্রামাণিকের ছেলে। পুলিশ জানায়, তিনি অপহৃত শিশুটির সম্পর্কে ফুপা। সম্প্রতি স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। স্ত্রীকে পুনরায় ফিরে পাওয়ার উদ্দেশ্যে চাপ সৃষ্টি করতে তিনি শিপন মিয়াকে অপহরণের পরিকল্পনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে স্কুলে যাওয়ার পথে ভানুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিপন মিয়াকে অপহরণ করা হয়। এ ঘটনায় শিশুটির মা বিউটি খাতুন বাদী হয়ে কাজীপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে। সোমবার রাতে বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিপন মিয়াকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একই অভিযানে মূল অভিযুক্ত মোতালেব প্রামাণিককে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া শিপন মিয়া কাজীপুর উপজেলার ভানুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং ভানুডাঙ্গা গ্রামের সবুজ মিয়ার ছেলে।