সিরাজগঞ্জের কাজিপুরে নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িত অভিযুক্ত মূল অপহরণকারীকে গ্রেপ্তার করেছে কাজিপুর থানা পুলিশ।
গত সোমবার (১০ আগস্ট) রাতভর বেলকুচি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করে কাজিপুর থানা পুলিশ।
উদ্ধার হওয়া শিশু শিপন মিয়া (১০) কাজিপুর উপজেলার ভানুডাংগা গ্রামের মো: সবুজ মিয়ার ছেলে এবং স্থানীয় ভানুডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। অন্যদিকে গ্রেপ্তারকৃত মোতালেব প্রামানিক (৩৮) শাহজাদপুর উপজেলার নবিপুর গ্রামের মৃত ময়দান প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (০৯ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে শিপন বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। পথিমধ্যে তাকে অপহরণ করা হয়। পরিবারের স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
অভিযোগ পেয়ে কাজিপুর থানা পুলিশ দ্রুত তদন্তে নামে এবং গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে বেলকুচি থানাধীন খামার উল্লাপাড়া এলাকা থেকে অপহৃত শিপন মিয়াকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানের পরপরই শিশুটিকে তার পিতা-মাতার জিম্মায় হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত শিশুর অভিভাবকের দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করি। অপহৃত শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং অপরাধীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"