এক হাজার পঞ্চাশ কোটি টাকার বিনিয়োগে খুলবে ৩ বন্ধ পাটকল | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

এক হাজার পঞ্চাশ কোটি টাকার বিনিয়োগে খুলবে ৩ বন্ধ পাটকল

Juwel Hossain avatar   
Juwel Hossain
এক হাজার পঞ্চাশ কোটি টাকার বিনিয়োগে খুলবে ৩ বন্ধ পাটকল
এক হাজার পঞ্চাশ কোটি টাকার বিনিয়োগে খুলবে ৩ বন্ধ পাটকল
ছবি: সংগৃহীত
বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) সূত্রে জানা গেছে, এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ইজারার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়।..

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা খুলনা ও সিরাজগঞ্জের তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি খাতে ইজারা দিয়েছে সরকার। এসব মিলে তৈরি পোশাক, বৈচিত্র্যময় পাটপণ্য, আসবাব ও লিথিয়াম ব্যাটারিসহ নানা পণ্য উৎপাদনে প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপ প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। এর ফলে অন্তত ১৫ হাজার মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এ তথ্য নিশ্চিত করেন। সরকারের বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগের অংশ হিসেবে খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলি জুট মিল, দিঘলিয়ার স্টার জুট মিল এবং সিরাজগঞ্জের রায়পুরের জাতীয় জুট মিল ইজারা দেওয়া হয়েছে।

বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) সূত্রে জানা গেছে, এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ইজারার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়।

ইজারার শর্তানুযায়ী, খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলটি ৩০ বছরের জন্য পেয়েছে হ্যামকো গ্রুপের ‘আবদুল্লাহ ব্যাটারি কোম্পানি’। প্রতিষ্ঠানটি এখানে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করে বিশেষায়িত পাটের ম্যাট্রেস ও লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরির কারখানা স্থাপন করবে, যেখানে সাড়ে তিন হাজার মানুষের কর্মসংস্থান হবে।

অন্যদিকে, খুলনার স্টার জুট মিলস ও সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস ইজারা পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। সেখানে প্রায় ৭৫০ কোটি টাকা বিনিয়োগ করে উচ্চমূল্যের পাটজাত পণ্য, তৈরি পোশাক, আসবাব, জুতা ও খেলনাসহ বহুমুখী পণ্য উৎপাদন করা হবে। এতে সুযোগ মিলবে প্রায় ১১ হাজার মানুষের কর্মসংস্থানের।

এ বিষয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, “বন্ধ থাকা আরও বেশ কিছু কলকারখানা আগামী ৬ মাসের মধ্যে চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, ক্রমাগত লোকসানের কারণে ২০২০ সালের ১ জুলাই বিজেএমসির ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করে তৎকালীন সরকার। এরপর মিলগুলো বেসরকারি খাতে ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বিজেএমসি জানিয়েছে, এখন পর্যন্ত ১৪টি পাটকল ইজারা দেওয়া হয়েছে, যার মধ্যে ৯টি ইতিমধ্যে উৎপাদনে ফিরেছে এবং সেখানে প্রায় সাড়ে ৯ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

没有找到评论


News Card Generator