সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫ আগস্ট জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ১১টার দিকে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার ও আজিজুর রহমান মানু, সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, সাবেক সদস্য সচিব মকুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহবুব, কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন রেজা ও যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।