মাধবপুরে মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
মাধবপুরে মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর ট্রাক উঠে গিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেজুরা ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭) ও পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বেজুরা ব্রিজের ওপর তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে ট্রাকে থাকা রিপন মিয়া ও সিএনজির যাত্রী আবুল খায়ের ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে মাধবপুর থানার এসআই ফারুক মিয়া বলেন, তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষের পর বালুবাহী ট্রাকটি একটি সিএনজির ওপর উঠে গেলে দুইজন নিহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী দল ও পুলিশ যানবাহন সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Keine Kommentare gefunden


News Card Generator