সোনারগাঁ প্রতিনিধি: টানা অতিবৃষ্টিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী মুসলিম পাড়ায় রশিদ প্রধানের বাড়ির পাশের একটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। অতিবৃষ্টির পানিতে সড়কের নিচের মাটি সরে যাওয়ায় রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, অতিবৃষ্টির কারণে সড়কের নিচ থেকে মাটি সরে যাওয়ায় রাস্তার বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে। ফলে পথচারী ও যানবাহন চলাচলে সৃষ্টি হয়েছে নানা প্রতিবন্ধকতা। দ্রুত সংস্কার না করা হলে সড়কটির আরও অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি জানতে পেরে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন আজ সরেজমিনে ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং সড়কের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আগামীকালের মধ্যেই সড়কটির সংস্কার ও প্রয়োজনীয় মেরামতকাজ শুরু করার কথা জানান।
চেয়ারম্যানের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সংস্কারকাজ সম্পন্ন হলে এলাকার মানুষের চলাচলের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।