চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা আজাদ হোসেনের পদ স্থগিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা আজাদ হোসেনের পদ স্থগিত

Juwel Hossain avatar   
Juwel Hossain
চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা আজাদ হোসেনের পদ স্থগিত
চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা আজাদ হোসেনের পদ স্থগিত
ছবি: সংগৃহীত
****

দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং চাঁদাবাজি ও মারামারির মামলায় অভিযুক্ত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় জেলা বিএনপি তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।

শনিবার (৮ আগস্ট) সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলাভঙ্গ, উল্লাপাড়া থানা কম্পাউন্ডের ভেতর এক বিএনপি নেতাকে মারধর এবং চাঁদাবাজির পৃথক দুটি মামলায় জড়িয়ে পড়ার অভিযোগে গত ২৬ জুলাই আজাদ হোসেনকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেয় জেলা বিএনপি। একই সাথে তাঁকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। নির্ধারিত সময়ে আজাদ হোসেন লিখিত জবাব দিলেও তা দলীয় ফোরামে সন্তোষজনক বিবেচিত হয়নি। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর সকল দলীয় পদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, একই ঘটনায় গত ২৬ জুলাই উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাককেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২৭ জুলাই মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় আজাদ হোসেনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। পরদিন ২৮ জুলাই আদালত থেকে জামিন পান তাঁরা।

没有找到评论


News Card Generator