ফুলবাড়ী সীমান্তে ৬২ বোতল ইস্কাপ সিরাপসহ মোটরসাইকেল জব্দ
লালমনিরহাটের ১৫ বিজিবির পৃথক দুটি বিশেষ অভিযানে ৬২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, একটি মোটরসাইকেল ও বিভিন্ন ধরনের ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত পণ্যের মোট সিজার মূল্য ১ লাখ ৩২ হাজার ৫৪০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর গোড়কমন্ডল ও মোগলহাট বিওপির টহল দল পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এর মধ্যে দুপুর ২টা ৪০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল বিওপির আওতাধীন পূর্বটারী এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে আসতে দেখে থামার সংকেত দেওয়া হলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও একটি হোন্ডা ১১০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত ইস্কাপ সিরাপের সিজার মূল্য ২৪ হাজার ৮০০ টাকা এবং মোটরসাইকেলের মূল্য ৯০ হাজার টাকা।