সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, অভিযুক্ত কিশোর আটক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, অভিযুক্ত কিশোর আটক..

Mohammad Abdul Qaiyum Nahid avatar   
Mohammad Abdul Qaiyum Nahid
সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, অভিযুক্ত কিশোর আটক..
সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, অভিযুক্ত কিশোর আটক..
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে স্কুলের পোশাক পরা এক ছাত্রীকে পেছন থেকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত কিশোরকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ।..

আব্দুল কাইয়ুম নাহিদ ,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

ভিডিওটি প্রায় এক মাস আগের বলে জানা গেছে। এ ঘটনায় ওই ছাত্রীকে স্কুল থেকে টিসি (ছাড়পত্র) দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা। তবে স্কুল কর্তৃপক্ষ বলছে, ওই ছাত্রীসহ দুই শিক্ষার্থীকে টিসি দেওয়া হয়নি। ভবিষ্যতে স্কুল ফাঁকি দিয়ে বাইরে ঘোরাঘুরি করলে টিসি দেওয়া হবে বলে তাদের অভিভাবকদের সতর্ক করা হয়েছে।
গত বৃহস্পতিবার ফেসবুক ও টিকটকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, শীতলক্ষ্যা নদীর পাড়ের একটি ওয়াকওয়ে দিয়ে স্কুলের পোশাক পরা দুই ছাত্রী হাঁটছে। এ সময় এক কিশোর পেছন থেকে এক ছাত্রীকে লাথি মারে। ওই ছাত্রী প্রতিবাদ করলে কিশোরটি আবারও তাকে লাথি মারে। ঘটনাটি মুঠোফোনে ধারণ করা হয়েছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় এক মাস আগে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়ের কাছে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রী কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার সঙ্গে থাকা আরেক ছাত্রী একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে।
ভিডিওতে লাথি মারতে দেখা কিশোরের বয়স সাড়ে ১১ বছর বলে জানা গেছে। সে কাঁচপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকে। তার বাবা রিকশা চালান এবং মা পোশাক কারখানায় কাজ করেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে ওই কিশোরকে কান ধরে ওঠবস করানোর আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাকে ঘটনার জন্য ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এমন কাজ না করার কথা বলতে শোনা যায়।
ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, তার মেয়েকে লাথি মারার ভিডিওটি প্রায় এক মাস আগের। স্কুল চলাকালে বাইরে ঘোরাঘুরি করার অভিযোগে স্কুলের শিক্ষকেরা বিচার করে তার মেয়েকে টিসি দিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। কাজকর্ম করে খাই। এখন এই স্কুলে পড়তে পারব না। মেয়েকে অন্য স্কুলে ভর্তি করতে হবে।’
তবে কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন সরকার বলেন, দুই শিক্ষার্থী বিভিন্ন সময়ে স্কুলে না এসে বাইরে ঘোরাঘুরি করত। তাদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। ভিডিও ভাইরাল হওয়ার পর দুই শিক্ষার্থীর পরিবারকে ভবিষ্যতে এমন করলে টিসি দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। তাদের কাউকেই বহিষ্কার করা হয়নি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও বলেন, ঘটনাটি স্কুলের বাইরে ঘটেছে। স্থানীয় লোকজন ওই কিশোর ও ছাত্রীদের বিচার করেছে বলে তিনি শুনেছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে আসার পর  নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সোনারগাঁ থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন । পরবর্তীতে সোনারগাঁও থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে। যেহেতু অভিযুক্ত কিশোরের বয়স ১১ বছর, তাই তাকে যথাযথ  আইন অনুসরণ করে আদালতে প্রেরণ করা হবে ।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator