সোনারগাঁ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পৌরসভা এলাকায় অবস্থিত ১২৬ বছরের ঐতিহ্যবাহী সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি অধ্যাপক মো. হাফিজ উল্লাহর সঙ্গে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, অভিভাবক সমাবেশ আয়োজন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রযাত্রাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নবগঠিত এডহক কমিটির সভাপতি অধ্যাপক মো. হাফিজ উল্লাহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান আরও সমৃদ্ধ করতে উপস্থিত সবার মূল্যবান পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রেখে শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
মতবিনিময় সভায় উপস্থিত সুধীজনেরা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নবগঠিত এডহক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে ভবিষ্যতে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মতবিনিময় সভা শেষে নবগঠিত এডহক কমিটির সভাপতি অধ্যাপক মো. হাফিজ উল্লাহ এবং কমিটির অভিভাবক সদস্য মো. মনির হোসেন মোল্লাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন।
সভায় প্রতিষ্ঠানের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।