বান্দরবানের লামায় ছাত্রশিবিরের 'জুলাই আপরাইজিং রান', সরকারকে কঠোর হুঁশিয়ারি
মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় 'জুলাই আপরাইজিং রান-২০২৬' কর্মসূচি থেকে সরকারকে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (৫ আগস্ট) সকালে লামা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিতে লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। র্যালি শেষে লামা উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাপনী বক্তব্যে লামা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিবুল ইসলাম মারুফ বলেন, "সরকার জনগণের সঙ্গে গণভোট নিয়ে যে তামাশা শুরু করেছে, তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না।"
বান্দরবান জেলা ইসলামী ছাত্রশিবিরের স্কুল সম্পাদক জসিম উদ্দিন বলেন, "সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং গণভোটের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।" তিনি সরকারের বিভিন্ন কার্যক্রমের গঠনমূলক সমালোচনাও করেন।
সমাবেশে জুলাই আন্দোলনে আহত ও নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয়।
লামা উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মো. ইব্রাহিম, অধ্যাপক ফারুক আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামশুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়েছে।