লামা থানায় অভিযোগ: গজালিয়া থেকে ১২-১৩জনের সশস্ত্র বাহিনী রাবার শ্রমিককে অপহরণ
মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: লামা থানায় দায়ের করা এক অভিযোগে বলা হয়েছে, গত ০২/০৮/২০২৬ইং তারিখ আনুমানিক রাত ৮টায় লামা থানাধীন ০১নং গজালিয়া ইউপির ০৫নং ওয়ার্ডস্থ ডিসি রোড এলাকায় শান্তর চা এর দোকান থেকে এক রাবার শ্রমিককে ১২/১৩ জনের পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসী বাহিনী অপহরণ করে নিয়ে গেছে।
অভিযোগকারী হামতি ত্রিপুরা (৩৫), স্বামী- বিদ্যাচন্দ্র ত্রিপুরা (৪২), সাং- ডিসি রোড, ০৫নং ওয়ার্ড, ০১নং গজালিয়া ইউপি, থানা- লামা, বান্দরবান পার্বত্য জেলা। স্থায়ী সাং- টং রিরি পাড়া, ০৮নং ওয়ার্ড, ০৫নং সরই ইউনিয়ন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি ও তার স্বামী উভয়েই হাশেম কোম্পানির রাবার বাগানে (বর্তমানে রুমথুই স্রো এর নিকট ভাড়াকৃত) রাবার শ্রমিক/টেপার হিসেবে কাজ করেন। ঘটনার দিন কাজ শেষে তার স্বামী শান্তর চা দোকানে বসে চা খাচ্ছিলেন। ঠিক সেই সময় একটি চাঁদের গাড়ি যোগে অজ্ঞাতনামা ১২/১৩ জনের পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হাতে অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে গাড়ি থেকে নেমে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্বামী বিদ্যাচন্দ্র ত্রিপুরাকে এবং জনৈক রুবেল নামক এক ব্যক্তিকে জোর পূর্বক গাড়িতে তুলে গাড়ি চালিয়ে রওয়ানা হয়। তবে অল্প কিছুদূর যাওয়ার পর উক্ত রুবেল নামক ব্যক্তিকে গাড়ি হইতে ফেলে দেয়। উক্ত অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিকল্পিত ভাবে তার স্বামীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
বর্তমানে তার স্বামী কোথায় কি অবস্থায় আছে তা তারা জানেন না। তিনি ও তার পরিবার অপহৃত স্বামীর সার্বিক নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে আছেন।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, "অপহরণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অপহৃত ব্যক্তিকে দ্রুত উদ্ধারে লামা থানা কাজ করছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"
অপহৃতের স্ত্রী হামতি ত্রিপুরা বলেন, "আমি আমার স্বামীকে জীবিত ফেরত চাই। তিনি আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।"