বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়াম প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ১০ হাজার নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনে ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে জনাব কবির আহমেদ কেন্দ্রীয় সভাপতি এবং জনাব মোঃ সেলিম পাটওয়ারী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জনাব কবির আহমেদ।
বক্তারা বলেন, দেশের পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা শ্রমিকদের ঐক্য সুসংহত করে একটি শোষণমুক্ত, সুশৃঙ্খল ও কল্যাণমুখী পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়া বক্তারা গণভোটে জনগণের প্রদত্ত গণরায়কে সম্মান ও মেনে নেওয়ার আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদের দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের জোর দাবি জানান। তারা বলেন, গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে জুলাই সনদের বাস্তবায়ন সময়ের অপরিহার্য দাবি।
সম্মেলনের শেষে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জনাব কবির আহমেদ এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ সেলিম পাটওয়ারী দেশব্যাপী আগত প্রতিনিধি, অতিথি ও হাজারো নেতা-কর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও শ্রমিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0