চোরাই মোবাইলের তথ্য অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চোরাই মোবাইলের তথ্য অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
চোরাই মোবাইলের তথ্য অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা
চোরাই মোবাইলের তথ্য অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা
ছবি: সংগৃহীত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে চোরাই মোবাইল ফোনের তথ্য অনুসন্ধান করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার সায়হাম ফিউচ..


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে চোরাই মোবাইল ফোনের তথ্য অনুসন্ধান করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার সায়হাম ফিউচার কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক নাহিদ মিয়া মাধবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি চ্যানেল এ ওয়ান ও নিরপেক্ষ পত্রিকার মাধবপুর প্রতিনিধি এবং হবিগঞ্জের তরফবার্তার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে প্রেসক্লাবে যাওয়ার পথে ইসলামিয়া মার্কেটে অবস্থিত ‘অ্যাপেল স্টোর’-এর মোবাইল কারিগর মোহাম্মদ উদ্দিন জামিল নাহিদ মিয়ার পথরোধ করেন। একপর্যায়ে জামিল তার সহযোগী তানজিল ও মাসুমকে নিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে।
স্থানীয় লোকজন আহত নাহিদ মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।
স্থানীয় সূত্রের দাবি, মাধবপুর বাজারে দীর্ঘদিন ধরে একটি চক্র বিশেষ সফটওয়্যার ও ইলেকট্রনিক যন্ত্রপাতির মাধ্যমে চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের কাজ করে আসছে। এ নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সাংবাদিক নাহিদ মিয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছিলেন, ‘মাধবপুরে মোবাইল কারিগরের বিরুদ্ধে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তনের অভিযোগ। খুব শিগগিরই নিউজ আসছে।’ তার দাবি, ওই স্ট্যাটাস প্রকাশের জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে।
তবে অভিযুক্ত মোহাম্মদ উদ্দিন জামিল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “নাহিদ আমার দোকানে এসে ছবি তুলেছেন। এ ছাড়া তিনি সমন্বয়কদের একজন একজন করে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন।”
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator