নাফিজ আহমেদ,রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কলসতলা চর এলাকায় পুলিশ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, কলসতলা চরে ফরিদ, সাঈদ, নুরুল ও রাব্ব নামে চার ব্যক্তির যৌথ পরিচালনায় একটি অবৈধ চায়না দুয়ারী জাল তৈরির কারখানা গড়ে ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানায় ব্যবহৃত বিপুল পরিমাণ জালের উপকরণ ও আধুনিক মেশিন উদ্ধার করে আভিযানিক দল। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা কৌশলে পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ীর ১ নং আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন হাসান, সহকারী জজ ফারজানা দিবা, সহকারী জজ মেহবুবা মিসৌরী, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল এবং স্টেনো কাম কম্পিউটার অপারেটর মোঃ তোফাজ্জেল হোসেন।
অভিযান শেষে উদ্ধারকৃত সমস্ত মালামাল স্থানীয় হরিণবাড়ীয়া ঘাটে এনে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ চায়না দুয়ারী জালের বিস্তার রোধে কালুখালীতে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0