বাংলাদেশ ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম- kidnapping (অপহরণ)-এর নাটক সাজানো, অনলাইনে সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং নারী নির্যাতনের মতো অপরাধের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ (১৪ জুন) সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা ছাত্রশিবিরের কথিত 'অপরাজনীতি' ও প্রচারণার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন শ্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, "ছাত্রশিবির বিভিন্ন সময়ে গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার হওয়া ভিকটিমদের অবমাননা করছে। একই সাথে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে সংঘবদ্ধভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।"
নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, শিবিরের কতিপয় গোপন নেতা-কর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ নানা ঘৃণ্য অপরাধ সংঘটিত হচ্ছে, যা সচেতন ছাত্র সমাজ কোনোভাবেই মেনে নেবে না।
সংগঠনের মূলনীতি ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’ ধারণ করে আয়োজিত এই প্রতিবাদী সমাবেশে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে অবিলম্বে এই ধরণের অপপ্রচার ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানানো হয়।