পার্সেল-ভিসা এবং 'জ্যান্ত কুরিয়ার' ট্র্যাজেডি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পার্সেল-ভিসা এবং 'জ্যান্ত কুরিয়ার' ট্র্যাজেডি

Salauddin Akbar avatar   
Salauddin Akbar
পার্সেল-ভিসা এবং 'জ্যান্ত কুরিয়ার' ট্র্যাজেডি
পার্সেল-ভিসা এবং 'জ্যান্ত কুরিয়ার' ট্র্যাজেডি
ছবি: সংগৃহীত
বিমানে চড়ে ইউরোপ যাওয়ার দিন শেষ।

- সালাউদ্দিন আকবর , ঢাকা
বিমানে চড়ে ইউরোপ যাওয়ার দিন শেষ। প্রযুক্তির যুগে মানুষ এখন আপডেট হয়েছে, তাই ট্রাভেল এজেন্সির বদলে মানুষ এখন কুরিয়ার সার্ভিসের কাউন্টারে লাইন দিচ্ছে।
 
ঘটনার সূত্রপাত সেদিন, যেদিন জহির সাহেব ডেনমার্কে একটা জরুরি কাগজের ফাইল পার্সেল করতে গেলেন। কাউন্টারে দাঁড়িয়ে ওজনের ডিজিটাল স্কেলের দিকে তাকিয়ে তার চোখ চড়কগাছ!
"কী বললেন? শূন্য থেকে ৫০০ গ্রাম সাড়ে ছয় হাজার টাকা? আর ১ কেজি হলেই সাড়ে নয় হাজার?" জহির সাহেবের চিৎকার শুনে কুরিয়ারের পিয়নের হাতের আঠার কৌটা পড়ে যাওয়ার দশা।
 
কাউন্টারের ওপাশে বসা চশমা পরা তরুণীটি বিন্দুমাত্র না ঘাবড়ে বলল, "ইয়েস স্যার। ডেনমার্কের রেট এমনই। আন্তর্জাতিক আকাশসীমা বলে কথা!"
জহির সাহেব পকেট থেকে মোবাইল বের করে চটজলদি ক্যালকুলেটর চাপতে লাগলেন। তার মাথা তখন আলবার্ট আইনস্টাইনের চেয়েও দ্রুত কাজ করছে। তিনি মনে মনে হিসাব কষলেন—
  • ১ কেজি = ৯,০০০ টাকা (ডিসকাউন্ট ছাড়া)।
  • একজন আস্ত প্রাপ্তবয়স্ক বাঙালির গড় ওজন = ৮০ কেজি।
  • অতএব, ৮০ কেজি ওজনের একজন জ্যান্ত মানুষকে যদি পার্সেল করা হয়: ৮০ × ৯,০০০ = ৭,২০,০০০ টাকা (৭ লাখ ২০ হাজার টাকা মাত্র!)।
জহির সাহেবের মাথায় যেন নিউটনের আপেল এসে পড়ল। তিনি চিৎকার করে উঠলেন, "ইউরেকা! পেয়ে গেছি!"
পাশে দাঁড়ানো অন্য এক গ্রাহক ভুরু কুঁচকে তাকাল, "কী পেয়েছেন ভাই? হারানো পার্সেল?"
"আরে না ভাই! রহস্যের সমাধান পেয়েছি," জহির সাহেব উত্তেজিত গলায় বললেন, "এই যে দালালেরা ইউরোপে মানুষ পাঠাতে সাত-আট লাখ টাকা নেয়, আমি ভাবতাম টাকাগুলো যায় কই? এখন বুঝলাম! ব্যাটারা আসলে মানুষকে এয়ারলাইন্সের টিকিট কাটে না, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 'হিউম্যান পার্সেল' করে ডেনমার্কে পাঠায়!"
 
পরদিন জহির সাহেব তার পল্টুর বাপের কাছে গিয়ে বুদ্ধি দিলেন, "তোর ছেলেকে যে ডেনমার্ক পাঠাবি, দালালের খপ্পরে যাওয়ার দরকার নেই। সরাসরি কুরিয়ার সার্ভিসে নিয়ে যা।"
পল্টুর বাপ অবাক, "সে কী রে? কুরিয়ারে মানুষ পাঠায় কেমনে?"
জহির সাহেব বিজ্ঞের মতো হাসলেন, "আরে বোকা, হিসাব বোঝো না? ছেলের ওজন কত?"
"এই তো, শুকনা পটকা ছেলে, কেজি ষাটেক হবে।"
"ব্যাস! ৬০ কেজিতে সাড়ে পাঁচ লাখ টাকার মতো আসবে। সাথে পাঁচশো টাকা বকশিশ দিবি, যেন বক্সে কয়েকটা ফুটো করে দেয় যাতে ছেলেটা শ্বাস নিতে পারে। আর ওপরে বড় করে লিখে দিবি— 'নড়াচড়া করে, ভঙ্গুর জিনিস, সাবধানে রাখুন।' ব্যস, ডেনমার্ক এয়ারপোর্টে গিয়ে পার্সেল আনবক্স করলেই তোর ছেলে ইউরোপের মাটিতে!"
 
গল্পের শেষ এখানেই হতে পারত। কিন্তু জহির সাহেবের এই 'পার্সেল তত্ত্ব' বাজারে রাষ্ট্র হওয়া মাত্রই ডেনমার্কগামী যুবকেরা দলে দলে ডায়েট করা শুরু করেছে। জিমগুলোতে এখন উপচে পড়া ভিড়। সবার এক কথা— ওজন যত কমবে, ডেনমার্ক যাওয়ার কুরিয়ার চার্জ তত বাঁচবে! ৮০ কেজির শরীর শুকিয়ে যদি ৪০ কেজি করা যায়, তবে সাড়ে তিন লাখ টাকাতেই ইউরোপ নিশ্চিত!
 
রম্যলেখক 
No se encontraron comentarios


News Card Generator