রোবটের হাসি, স্মার্ট সিটির স্বপ্ন আর তরুণ উদ্ভাবকদের পদচারণায় মুখর কেরানীগঞ্জ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রোবটের হাসি, স্মার্ট সিটির স্বপ্ন আর তরুণ উদ্ভাবকদের পদচারণায় মুখর কেরানীগঞ্জ..

Salauddin Akbar avatar   
Salauddin Akbar
রোবটের হাসি, স্মার্ট সিটির স্বপ্ন আর তরুণ উদ্ভাবকদের পদচারণায় মুখর কেরানীগঞ্জ..
রোবটের হাসি, স্মার্ট সিটির স্বপ্ন আর তরুণ উদ্ভাবকদের পদচারণায় মুখর কেরানীগঞ্জ..
ছবি: সংগৃহীত
মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কেরানীগঞ্জে শুরু হয়েছে ‘স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’।..

- সালাউদ্দিন আকবর 

মেধার মঞ্চে আগামীর বাংলাদেশ।কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন শুক্রবার যেন রূপ নিয়েছিল ভবিষ্যতের বাংলাদেশের এক ক্ষুদ্র প্রতিরূপে। কোথাও রোবট মানুষের নির্দেশ পালন করছে, কোথাও নবায়নযোগ্য জ্বালানির মডেল ঘিরে কৌতূহলী ভিড়, আবার কোথাও আধুনিক কৃষির নতুন সম্ভাবনা নিয়ে ব্যস্ত তরুণ উদ্ভাবকেরা। মেধা, বিজ্ঞান ও সৃজনশীলতার এই প্রাণবন্ত মিলনমেলায় স্পষ্ট হয়ে উঠেছে নতুন প্রজন্মের স্বপ্ন দেখার সাহস এবং তা বাস্তবে রূপ দেওয়ার অদম্য আকাঙ্ক্ষা।

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কেরানীগঞ্জে শুরু হয়েছে ‘স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি (SEDP)-এর আওতায় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর উদ্যোগে এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নিয়েছে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমান। প্রদর্শনী ঘুরে ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প পর্যবেক্ষণ করেন তিনি এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ হয়ে তিনি বলেন, দেশের শিক্ষার্থীদের মধ্যে মেধা ও উদ্ভাবনী শক্তির কোনো ঘাটতি নেই। যথাযথ সুযোগ ও সহায়তা পেলে তারাই আগামী দিনে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কাজ করছে। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাগুলোকে কেবল প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব উদ্যোক্তা উদ্যোগ বা স্টার্ট-আপে রূপান্তরের আহ্বান জানান তিনি।

মেলা প্রাঙ্গণে দেখা গেছে তরুণ বিজ্ঞানীদের অসাধারণ সব কর্মযজ্ঞ। রোবোটিক্স, তথ্যপ্রযুক্তি, স্মার্ট সিটি, পরিবেশবান্ধব জ্বালানি এবং আধুনিক কৃষিভিত্তিক নানা প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে। প্রতিটি স্টলে ছিল নতুন কিছু ভাবনার ছাপ, যা প্রযুক্তিনির্ভর বাংলাদেশের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে।

সকাল থেকেই শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের সরব উপস্থিতিতে মুখর ছিল পুরো মিলনায়তন। উদ্ভাবনী ধারণাগুলো ঘিরে তরুণদের উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী সংস্কৃতির বিকাশই পারে একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। তরুণদের মেধাকে যথাযথ পৃষ্ঠপোষকতা দেওয়া গেলে দেশের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।

 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator