নোয়াখালী অঞ্চলে উৎপাদিত শাকসবজিতে বিষাক্ত ভারী ধাতুর উপস্থিতি | আই নিউজ বিডি

নোয়াখালী

নোয়াখালী অঞ্চলে উৎপাদিত শাকসবজিতে বিষাক্ত ভারী ধাতুর উপস্থিতি

****
Eidok-এ শেয়ার
নোয়াখালী অঞ্চলে উৎপাদিত শাকসবজিতে বিষাক্ত ভারী ধাতুর উপস্থিতি
ছবি: সংগৃহীত

নোয়াখালী অঞ্চলে উৎপাদিত শাকসবজিতে মিলেছে মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত ভারী ধাতুর উপস্থিতি। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার’ এবং ‘স্যাজ’ এ চলতি বছরের শুরুতে প্রকাশিত দুটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জেলার সোনাইমুড়ী, সুবর্ণচর এবং সদর উপজেলার মোট ২৭টি সুনির্দিষ্ট স্পট থেকে মাটি, সেচের পানি, ব্যবহৃত বাণিজ্যিক সার এবং ফসলের নমুনা সংগ্রহ করেন। এর বেশ কিছু সবজিতে ক্যাডমিয়াম, আর্সেনিক, সিসা ও ক্রোমিয়ামের উপস্থিত পাওয়া গিয়েছে। যার মাত্রা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সীমার চেয়ে অনেক বেশি।

সোনাইমুড়ীর সমন্বিত খামার এবং বিশেষ করে মহাসড়কের পাশের ক্ষেতগুলো থেকে সংগৃহীত করলা, ঢ্যাঁড়শ ও মিষ্টি কুমড়াতে সবচেয়ে উচ্চ মাত্রায় সিসা এবং আর্সেনিকের উপস্থিতি রেকর্ড করা হয়েছে। সুবর্ণচর উপজেলা থেকে সংগৃহীত মূলা, ফুলকপি ও বাঁধাকপিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমার চেয়ে কয়েক গুণ বেশি ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম পাওয়া গেছে। আর সদরের মাইজদী ও সংলগ্ন উপকূলীয় এলাকার খামারগুলোর বেগুন, বরবটি ও লাউয়ের নমুনায় আশঙ্কাজনক মাত্রায় ক্যাডমিয়াম ও সিসা শনাক্ত করেছেন গবেষকেরা।

গত ২৯ জানুয়ারি ‘নেচার’ জার্নালে প্রকাশিত গবেষকদের প্রথম গবেষণায় দেখা যায়, জেলার ২৭টি প্রধান কৃষি স্পট থেকে সংগৃহীত মাটি, সেচের পানি ও ফসলের নমুনায় ভারী ধাতুর আশঙ্কাজনক উপস্থিতি মিলেছে। স্থানীয়ভাবে উৎপাদিত সবজি মূলাতে ক্যাডমিয়ামের সর্বোচ্চ ঘনত্ব পাওয়া গেছে শূণ্য দশমিক ১৭ মিলিগ্রাম। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি। ক্যানসার ঝুঁকির সূচক অনুযায়ী সবজিগুলো নিয়মিত খেলে প্রতি ১,০০০ জনের মধ্যে ৩ থেকে ৮ জনের ক্যানসার হওয়ার সরাসরি ঝুঁকি রয়েছে। ক্যানসার ছাড়া অন্যান্য দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি জন্যও ৭৪ শতাংশই দায়ী এই ক্যাডমিয়াম উপাদানটি।

চলতি বছরের ১৫ এপ্রিল ‘স্যাজ’ (SAGE) জার্নালে প্রকাশিত দ্বিতীয় গবেষণাপত্রটিতে নোয়াখালীর সমন্বিত খামারগুলো থেকে সংগৃহীত সবজির ল্যাব টেস্টের ফলাফল প্রকাশ করা হয়। এই গবেষণায় দেখা গেছে, বাজারে সবসময় বিক্রি হওয়া করলা, ঢ্যাঁড়শ এবং মিষ্টি কুমড়াতে উচ্চ মাত্রায় আর্সেনিক, সিসা ও ক্রোমিয়াম জমছে। 

গবেষণার ল্যাব টেস্টের রিপোর্ট বলছে, নোয়াখালীর এই সবজিগুলো নিয়মিত খাওয়ার মাধ্যমে একজন সাধারণ মানুষের শরীরে দৈনিক গড়ে ২ দশমিক ৪১২৮ মিলিগ্রাম সিসা এবং শূণ্য দশমিক ৩৬৪৪ মিলিগ্রাম ক্যাডমিয়াম প্রবেশ করছে। যা সর্বোচ্চ নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি সিসার উপস্থিতি রেকর্ড করা হয়েছে করলা সবজিতে। 

এই বিষাক্ত সবজি নিয়মিত খাওয়ার ফলে ওই অঞ্চলের মানুষের ক্যানসার আক্রান্ত হওয়ার ঝুঁকি আন্তর্জাতিক নিরাপদ সীমার চেয়ে প্রায় ৪৮ গুণ বেশি। অর্থাৎ, যেখানে মাত্র ১ জনের ঝুঁকি থাকার কথা, সেখানে এই সবজি খাওয়ার কারণে ঝুঁকি বহুলাংশে বেড়ে যাচ্ছে। যা পুরো জেলার জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ বিপদ সংকেত।

খাবারে ভারি ধাতুর উপস্থিতি কতটা স্বাস্থ্যঝুঁকি তৈরী করছে তা জানতে কথা হয় নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রাক্তন অনারারি মেডিকেল অফিসার (এইচএমও) ডাঃ মজিবুল হক রুবেলের সাথে। তিনি বলেন, "ক্যাডমিয়াম, সিসা ও আর্সেনিক এমন এক নীরব ঘাতক যা রান্নার তাপে কোনোভাবেই ধ্বংস হয় না। দীর্ঘদিন ধরে এই বিষাক্ত সবজি খাওয়ার ফলে মানুষের লিভার ও ফুসফুসের ক্ষতি হতে পারে। এছাড়া রক্তে ইনফেকশন, নারী ও পুরুষের প্রজনন সমস্য এমনকি বন্ধ্যাত্বের মত সমস্যা দেখা দিতে পারে।” 

দুটি গবেষণাপত্রেই এই মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের সুনির্দিষ্ট এবং বৈজ্ঞানিক কারণ হিসেবে সার ও কীটনাশকের অপব্যবহারকে দায়ী করা হয়েছে। ফলন বাড়াতে সোনাইমুড়ী সহ নোয়াখালীর কৃষিতে টিএসপি বা ফসফরাস জাতীয় বাণিজ্যিক সার অনিয়ন্ত্রিতভাবে ব্যবহৃত হচ্ছে। এই সার তৈরির মূল উপাদান ‘ফসফেট রক’ থেকে প্রাকৃতিকভাবেই উচ্চ মাত্রায় ক্যাডমিয়াম মাটিতে মেশে। নোয়াখালীর উপরিভাগের মাটিতে ক্যাডমিয়ামের ঘনত্ব প্রতি কেজিতে সর্বোচ্চ ৩ দশমিক শূণ্য মিলিগ্রাম পর্যন্ত পাওয়া গেছে, যা সবজি দ্রুত শোষণ করছে।

পোকা দমনের জন্য ব্যবহৃত কীটনাশক ও বালাইনাশকের স্থায়িত্ব বাড়ানোর জন্য রাসায়নিক গঠনে সিসা এবং আর্সেনিক ব্যবহার করা হয়। গবেষণার তথ্য বলছে, সংগৃহীত সবজি নমুনার ২৯ শতাংশের বেশি সরাসরি কীটনাশক দ্বারা মারাত্মকভাবে দূষিত। এছাড়া মাটির নিচের দূষিত পানি দিয়ে সেচ দেওয়ার কারণে মাত্রাতিরিক্ত ধাতু পাওয়া গেছে। সড়ক-মহাসড়কের পাশে থাকা ক্ষেতগুলোতে গাড়ির কালো ধোঁয়া এবং টায়ারের ক্ষয়প্রাপ্ত কণা বাতাসের মাধ্যমে সবজিগুলোতে সিসার মাত্রা বাড়িয়ে দিচ্ছে।

সোনাইমুড়ীর এলাকার নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক সংলগ্ন কলাবাগান এলাকার চাষী রেজাউল ইসলাম। মহাসড়কের পাশের ১৬০ শতাংশ জমিতে তিনি গত ৪ বছর থেকে সবজি চাষ করছেন। কথা বলে জানা যায়, এবার তিনি করলা, ঢেরস ও লাউ চারা লাগিয়েছেন। ফসলে রোগবালাই ও পোকার আক্রমণ ঠেকাতে তারা প্রায় প্রতিদিনই কীটনাশক স্প্রে করেন। আর ফসলের বৃদ্ধিতে সারও ব্যবহার করেন।

সবজিতে ভারী ধাতুর উপস্থিতির বিষয়ে কথা হলে তিনি বলেন, "সনাতন পদ্ধতিতে এখন আর চাষাবাদ করা সম্ভব নয়। কোন কৃষক অকারণে টাকা খরচ করে কীটনাশক ব্যবহার করে না। ফসল বাঁচাতে সব সবজিতেই কীটনাশক ব্যবহার করতে হচ্ছে। আমরা নিজেরাও বাধ্য হয়ে সবজির সাথে কীটনাশক ও ভারি ধাতু গ্রহণে বাধ্য হচ্ছি। তবে এই অবস্থা থেকে বাঁচতে গ্রীণ হাউজ পদ্ধতিতে চাষাবাদ করা ছাড়া আর কোন বিকল্প নেই। আর সেজন্য প্রকৃত কৃষকদের সরকারি সহায়তা দরকার।"

আরো কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায়, বিক্রেতাদের পরামর্শেই তারা সার ও কীটনাশক প্রয়োগ করেন। বোতলের গায়ে বিভিন্ন নির্দেশনা থাকে কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে। তবে তা মেনে ওষুধ প্রয়োগ করলে ফসল বাঁচানো যায় না। উদাহরণ দিয়ে বলেন- ঢ্যাঁড়শ প্রতিদিন তুলতে হয় না হলে সেগুলো বড় হয়ে যায়। এদিকে নির্দেশনা মেনে কীটনাশক ব্যবহারের ৭ থেকে ১৪ দিন পর ঢ্যাঁড়শ তুললে তা বিক্রির অযোগ্য হয়ে যায়।

আন্তর্জাতিক গবেষণায় প্রকাশিত এই তথ্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় সোনাইমুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর। তিনি জানান, শাকসবজিতে বিষাক্ত ভারী ধাতুর উপস্থিতি বিষয়টি আগে শুনেছেন। তবে নোয়াখালীর উৎপাদিত শাকসবজিতে হেভি মেটাল শনাক্ত হয়েছে সেটা তিনি জানেন না। এর নানা কারণ তুলে ধরে তিনি বলেন, উপজেলার অধিকাংশ কৃষকেরা জমিতে সরকারি ভাবে উৎপাদিত সার ব্যবহার করে থাকেন। আর ভেজাল সার হলেও সেটার মান সহজেই আমরা যাচাই করতে পারি। তবে কীটনাশকের অসংখ্য কোম্পানী রয়েছে। ল্যাবরেটরি সুবিধা উপজেলা পর্যায়ে না থাকায় কীটনাশক-বালাইনাশকের রাসায়নিক গঠন ও তাদের মান যাচাই করা সম্ভব হচ্ছেনা।    তবে আন্তর্জাতিক জার্নালের এই তথ্যের বিস্তারিত জেনে, মাটির স্বাস্থ্য পরীক্ষা এবং কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলে যুক্ত করেন তিনি।

এই সংকট থেকে উত্তরণের জন্য অবিলম্বে সরকারি উদ্যোগে সোনাইমুড়ীসহ পুরো জেলায় সারের মান নিয়ন্ত্রণ করা জরুরি। একই সাথে কৃষকদের জৈব সারের ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে এবং রাস্তার ধারের ফসলি জমিতে সেচ ও বালাইনাশক ব্যবহারের ওপর কঠোর নজরদারি চালাতে হবে। তা না হলে নোয়াখালীর এই উর্বর কৃষিজমিই একদিন পুরো অঞ্চলের মানুষের জন্য একটি স্থায়ী স্বাস্থ্য মহামারির কারণ হয়ে দাঁড়াবে। এমনটাই মনে করছেন স্বাস্থ্য সচেতন মহল।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andet নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 38 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andet সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 93 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andet সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 111 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andet শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 81 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andet গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andet ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 119 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andet সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 106 Views