চট্টগ্রামে হাইকোর্টের আদেশ উপেক্ষা করেই চলছে হাসপাতাল নির্মাণের কাজ। নিজেদের ইচ্ছেমতো প্ল্যান বানিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। অথচ পার্শ্ববর্তী এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে নিষেধাজ্ঞা জারি আছে এই জায়গার ওপার।
এর মধ্যে ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে হলেও এখনও স্বাস্থ্য বিভাগের অনুমোদন মেলেনি তাদের।
এমন চিত্র নগরীর মেহেদীবাগের ‘এরিস্টোকেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’র।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, যে জায়গা নিয়ে ঝামেলা এবং যেটার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি তারা কিনে ফেলেছে। এখন আর কোনো সমস্যা নেই।
তবে তাদের এ দাবি অস্বীকার করেছে নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে রিটকারী শহীদ উল্লাহ নামে ওই ব্যক্তি। তিনি জানান, জায়গা বিক্রির প্রশ্নই ওঠে না। উনারা মিথ্যা কথা বলছেন।
জানা গেছে, এরিস্টোকেয়ার হাসপাতাল ভবনের বিরুদ্ধে স্থানীয় শহীদ উল্লাহ নামে এক ব্যক্তির ক্ষতিগ্রস্ত হয়েছেন মর্মে উচ্চ আদালতে অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে তিনি গত ২০২৫ সালের ৪ জুন তিনি স্টে-অর্ডার (নিষেধাজ্ঞা) চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে একই বছরের ২৪ জুন ভবনটির নির্মাণকাজ বন্ধ রাখার আদেশ দেন আদালত।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আবাসিক-কাম বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমতি নেওয়া হলেও নিয়ম অমান্য করে সেখানে হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এর পাশাপাশি অনুমোদিত প্ল্যানের বাইরে গিয়ে অতিরিক্ত লিফট নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বরাবরে অভিযোগ করা হলেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানান অভিযোগকারী শহীদ উল্লাহ। তিনি বলেন, ভবনটি আমাদের ভবনের সঙ্গে লাগানো। ওই ভবনের এসির পানি আমাদের জায়গায় এসে পড়ে। ভবনের চারপাশে পর্যাপ্ত জায়গা রাখার কথা থাকলেও তা রাখা হয়নি। হাইকোর্টের আদেশ অমান্য করে রাতের আঁধারে হাসপাতালের নির্মাণকাজ চালছে।
হাসপাতালের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, নতুন হাসপাতালের অনুমোদনের ক্ষেত্রে বেশ কিছু কাগজপত্র যাচাই করা হয়। এরিস্টোকেয়ার হাসপাতালের বিষয়ে আমরা আবেদন পেয়েছি। কাগজপত্র সঠিক থাকলে এবং হাসপাতাল পরিচালনার সব ধরনের নিয়মকানুন প্রতিপালন করা হলে অনুমোদন দেওয়া হবে। অন্যথায় অনুমোদন দেওয়া হবে না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের একজন ডা. বাবুল জানান, ‘স্টে-অর্ডারটি শহীদ উল্লাহ সাহেব তুলে নিয়েছেন। যে জায়গাটার নিয়ে সমস্যা ছিল, সেটা আমরা কিনে নিয়েছি।’
তবে ডা. বাবুল জায়গাটি কিনে নিয়েছেন বলে দাবি করলে হাসপাতালের বিশ্বস্ত সূত্র জানিয়েছে, যে জায়গা নিয়ে সমস্যা চলছে, সেটি কেনা হয়নি। তবে এ বিষয়ে কেনার কথা থাকলেও প্রতিপক্ষে সেটি বিক্রি করতে চাইছে না।
পরে ডা. বাবুলের কাছে জায়গা কেনার বিষয়ে জানতে আবারও কল করা হলে তিনি সাড়া দেননি।
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0